সারাবিশ্ব
এবার নেপালের প্রধানমন্ত্রী হতে চান সেই মাস্টারমাইন্ড সুধান
নেপালের সাম্প্রতিক তরুণ-নেতৃত্বাধীন আন্দোলনের প্রধান নেতা সুধান গুরুং ঘোষণা করেছেন যে তিনি আগামী মার্চ মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবেন।
সরকার পতনের কয়েক দিনের মধ্যেই এই ঘোষণা এল। তিনি বলেন, তার আন্দোলন একটি "জনতার সরকার" গঠনের লক্ষ্যে "শেষ পর্যন্ত লড়বে"।
আল জাজিরার অনুষ্ঠানে স্যান্ড্রা গাথম্যানকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে গুরুং বলেন, তার নেতৃত্বাধীন দলটি একটি প্রচলিত রাজনৈতিক দল নয় বরং একটি "পরিবর্তনের আন্দোলন" হিসেবে সারা দেশে সমর্থকদের সংগঠিত করছে।
তিনি বলেন, “তারা আমাদের রাজনীতিতে টেনে এনেছে। এখন রাজনীতির লড়াইটাই তাদের দেখতে হবে। আমরা এবার নির্বাচনে দাঁড়াব, কারণ আমরা আর পিছু হটছি না।”৩৬ বছর বয়সী গুরুং মূলত নেপালের Gen Z বা তরুণ প্রজন্মের নেতৃত্বে হওয়া এই বিক্ষোভের প্রধান মুখ হয়ে উঠেছেন।
গুরুং জানান, তার দল এরই মধ্যে আইনি ও যোগাযোগ কমিটি গঠন করেছে এবং Discord ও Instagram-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে সারা দেশ থেকে নীতিগত দাবিগুলো সংগ্রহ করছে।
তিনি বলেন, “আমরা নিশ্চিত করব যেন প্রতিটি নেপালি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠা যায়।” গুরুং ব্যক্তিগতভাবে স্বাধীন প্রার্থী হিসেবে না দাঁড়িয়ে দলগতভাবে নির্বাচন করার কথা ভাবছেন।
তিনি বলেন, “শুধু আমি একা দাঁড়ালে তরুণদের সেই শক্তি থাকবে না। একসাথে থাকলেই আমরা শক্তিশালী।”
আন্দোলনটি শুধু দুর্নীতিবিরোধী নয়, বরং একটি বিস্তৃত কর্মসূচির ওপর ভিত্তি করে চলছে। এতে নেপালের পর্যটন খাত উন্নয়ন, প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে "বাইরের হস্তক্ষেপ ছাড়া" সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি রয়েছে।
তিনি বলেন, “আমাদের তাদের সম্মান করতে হবে, তাদেরও আমাদের সম্মান করতে হবে।”
সুধান গুরুং চান না পুরনো রাজনৈতিক নেতারা আবার নির্বাচনে অংশ নিক। তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকিকে বিক্ষোভে নিহতদের হত্যাকাণ্ড ও দুর্নীতির তদন্ত দ্রুত শেষ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী হতে চান কি না—জানতে চাইলে গুরুং বলেন, “আমি এখনই বলব না আমি সঠিক ব্যক্তি... কিন্তু যদি জনগণ আমাকে বেছে নেয়, আমি অবশ্যই নির্বাচন করব।”
তিনি আরও জানান, তাকে ভয় দেখানোর অনেক চেষ্টা হয়েছে—“অনেকে আমাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে, আমাকে অনুসরণ করেছে, ভয় দেখিয়েছে।”তবুও তিনি ছিলেন অটল।
“আমি ভয় পাই না... আমাকে মেরে ফেললেই কিছু হবে না,” গুরুং বলেন। “আমাকে আমার দেশ বাঁচাতে হবে, এখনই সময়—না হলে আর কখনও নয়।”