সারাবিশ্ব

ইরানে বিক্ষোভে ২ হাজারের বেশি নিহত: রয়টার্স


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম

ইরানে বিক্ষোভে ২ হাজারের বেশি নিহত: রয়টার্স
ছবি: সংগৃহীত

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এটি ইরানি কর্তৃপক্ষের প্রথম স্বীকৃতি, যেখানে তারা এত বিপুল সংখ্যক মৃত্যুর তথ্য প্রকাশ করেছে।

গত ২৮ ডিসেম্বর তেহরানের ব্যবসায়ীরা ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন, উচ্চ মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে রাস্তা নামেন। এরপর বিক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়ে, তেহরান ছাড়িয়ে কারাজ, ইসফাহান, শিরাজ, কেরমানশাহসহ বিভিন্ন শহরে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

ইরানি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে এই অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগ তুলেছে এবং বিক্ষোভ দমন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, বিক্ষোভ চলাকালে মোট ২ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কতজন সাধারণ মানুষ এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য, তা স্পষ্ট করা হয়নি। কর্মকর্তারা উল্লেখ করেছেন, নিহতদের পেছনে ‘সন্ত্রাসীরা’ দায়ী।

এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, বিক্ষোভে ৬৪৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৫০৫ জন বিক্ষোভকারী এবং নয়জন শিশু। সংস্থাটি জানিয়েছে, ইরানের ৩১টি প্রদেশের ১৮৭টি শহরে ৬০৬টি স্থানে বিক্ষোভ হয়েছে এবং কমপক্ষে ১০ হাজার ৭২১ জনকে আটক করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার অফিসও ইরানে ‘শত শত’ মানুষ নিহত হয়েছে বলেছে, তবে সুনির্দিষ্ট সংখ্যা দিতে পারেনি। মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, “ভয়ঙ্কর সহিংসতার এই চক্র চলতে পারে না। ইরানের জনগণের ন্যায্যতা, সাম্য ও ন্যায়বিচারের দাবি অবশ্যই শোনা উচিত।”