সারাবিশ্ব
সংঘাতপূর্ণ বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে ভারত: দ্রৌপদী মুর্মু
বর্তমান বিশ্বের অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতির মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে ভারত। ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়া এই ভাষণে তিনি বিশ্বশান্তি, জাতীয় নিরাপত্তা এবং ভারতের ক্রমবর্ধমান উন্নয়ন নিয়ে কথা বলেন।
তার মতে, সংঘাত ও অস্থিরতায় জর্জরিত বর্তমান বিশ্বে ভারত শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। মানবজাতির ভবিষ্যৎ নিরাপদ রাখতে হলে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, রোববার (২৫ জানুয়ারি) ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভারতীয় এই প্রেসিডেন্ট জাতীয় নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সাস্কৃতিক আত্মবিশ্বাস ও গণতান্ত্রিক শাসনব্যবস্থাসহ নানা বিষয়ে কথা বলেন। একইসঙ্গে তিনি ভারতের সভ্যতাগত ঐতিহ্যের আলোকে বিশ্বে ভারতের ভূমিকার কথাও তুলে ধরেন।
দ্রৌপদী মুর্মু বলেন, শান্তির প্রতি ভারতের অঙ্গীকার দেশটির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে গভীরভাবে প্রোথিত। তিনি বলেন, ‘আমাদের ঐতিহ্যে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করার রীতি রয়েছে। গোটা বিশ্বে শান্তি থাকলেই কেবল মানবজাতির ভবিষ্যৎ নিরাপদ থাকতে পারে’। তিনি আরও বলেন, ‘বিশ্বের নানা প্রান্তে যখন সংঘাত চলছে, তখন ভারত শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে।’
জাতীয় নিরাপত্তার প্রসঙ্গে তিনি ‘অপারেশন সিন্দুর’-এর ‘সাফল্যের’ কথা তুলে ধরেন। এটিকে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি ও আত্মনির্ভরতার বড় প্রমাণ হিসেবে দাবি করেন তিনি। ভারতীয় এই প্রেসিডেন্ট বলেন, গত বছর সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে নির্ভুল হামলা চালানো হয় এই অভিযানে। এতে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস হয় এবং বহু সন্ত্রাসী নিহত হয়। প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা এই অভিযানের ঐতিহাসিক সাফল্য নিশ্চিত করেছে বলেও তিনি দাবি করেন।