সারাবিশ্ব

তেহরানের বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ ইরান সরকারের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম

তেহরানের বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ ইরান সরকারের
ছবি: সংগৃহীত

ইরানের সরকার তেহরান শহরের নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ-এর বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে নাগরিকদের শান্তিপূর্ণভাবে অন্যান্য শহর বা এলাকায় যাত্রা করার চেষ্টা করার জন্য সতর্ক করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হলেও পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে আরও নির্দেশনা জারি করা হবে।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পূর্বঘোষণা ছাড়াই ইরানের তেহরানে হামলা চালায়। হামলার সময় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর ইসরায়েল জরুরি অবস্থা ঘোষণা করে এবং তাদের নাগরিকদের সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকার নির্দেশ দেয়।

ইরানি গণমাধ্যম জানায়, হামলার লক্ষ্য ছিল ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরসহ তেহরানের কেন্দ্রীয় স্থাপনা। হামলার পর ইরান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই সামরিক অভিযান কয়েক মাস ধরে পরিকল্পিত ছিল এবং কয়েক সপ্তাহ আগে এর সময় নির্ধারণ করা হয়। প্রতিরক্ষা সূত্রের মতে, ‘শিল্ড অব জুডাহ’ নামের এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি দূর করা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মানববিহীন আকাশযানের ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা।

সূত্র: আল-জাজিরা