সারাবিশ্ব
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা ইরানের
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার জবাবে নতুন করে আক্রমণ শুরুর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে,আইআরজিসি প্রতিশোধের অংশ হিসেবে ষষ্ঠ ধাপের অভিযান চালাচ্ছে।
বাহিনীর দাবি, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এ অঞ্চলে থাকা ২৭টি মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এ ছাড়া ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর ‘হাকিরিয়া’ এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানি বাহিনী ধারাবাহিকভাবে ‘কঠোর ও ভিন্নধর্মী প্রতিশোধমূলক পদক্ষেপ’ বাস্তবায়ন করবে। একই সঙ্গে পর্যায়ক্রমে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।