সারাবিশ্ব
ভারতের কাছে তেল কেনার জন্য এখন হাত পাতছে যুক্তরাষ্ট্র: আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার (১৪ মার্চ) রাশিয়ার তেল সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, আগে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি বন্ধ করতে চাপ প্রয়োগ করলেও এখন ওয়াশিংটন ভারতসহ বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কাছে একই তেল কেনার জন্যই হাত পাতছে।
আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “মাসের পর মাস যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার তেল আমদানি বন্ধ করার জন্য ধমক দিচ্ছিল। কিন্তু সাম্প্রতিক ইরান–যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক যুদ্ধ পরিস্থিতির পর চিত্র বদলে গেছে। এখন হোয়াইট হাউস ভারতসহ বিশ্বজুড়ে রাশিয়ার তেল কিনতে চাইছে।”
তিনি ইউরোপীয় দেশগুলোরও সমালোচনা করেছেন, যেগুলো ইরানের বিরুদ্ধে চলমান অবৈধ যুদ্ধে সমর্থন দিয়েছে। আরাঘচি বলেন, ইউরোপ ভেবেছিল, ইরানের বিরুদ্ধে এই সমর্থন রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সহমত আনবে, যা দুঃখজনক।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল, ভারত রাশিয়ার তেল কিনলে ভ্লাদিমির পুতিন তা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগাচ্ছেন। সেই কারণেই যুক্তরাষ্ট্র ভারতকে চাপ দিয়েছে এবং ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্কও আরোপ করেছিল। পরে এই শুল্ক তুলে নেয়া হয়।
ভারত সরকার সব সময় জানিয়েছে, তাদের জ্বালানি নীতি জাতীয় স্বার্থ অনুযায়ী নির্ধারণ করা হয় এবং অন্য কারও চাপ মানা হয় না। তবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালির মাধ্যমে তেল প্রবাহ বন্ধের ঘোষণার পর পরিস্থিতি বদলে গেছে। তেল রপ্তানিকারক দেশগুলো বিপাকে পড়ায় যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। এই প্রেক্ষাপটেই ইরান রাশিয়ার তেল নিয়ে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেছে।