সারাবিশ্ব

ইসরায়েলি সেনাবাহিনী ভেঙে পড়ার মুখে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:১১ এএম

ইসরায়েলি সেনাবাহিনী ভেঙে পড়ার মুখে
ইসরাইলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। ছবি: সংগৃহীত

বহুমুখী সামরিক চাপ ও জনবল সংকটে ক্রমেই চাপে পড়ছে ইসরায়েলের সেনাবাহিনী—এমন আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সামরিক নেতৃত্ব ও বিরোধী দলীয় নেতারা। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, যেখানে সৈন্য সংকট ও সুস্পষ্ট কৌশলের অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে।

ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, সেনাপ্রধান জামির নিরাপত্তা মন্ত্রিসভাকে জানিয়েছেন, অব্যাহত চাপের কারণে বাহিনী কার্যত চরম সংকটে রয়েছে। সংরক্ষিত সেনাদের বারবার ডিউটিতে ডাকা হচ্ছে—পঞ্চম ও ষষ্ঠ দফা পর্যন্ত রোটেশনে কাজ করতে হওয়ায় তারা ক্লান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। এতে নতুন করে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় জনবল জোগাড় করাও কঠিন হয়ে উঠছে।

এক টেলিভিশন বিবৃতিতে সামরিক মুখপাত্র এফি দেফ্রিন বলেন, গাজা, লেবানন সীমান্ত, পশ্চিম তীর ও সিরিয়াসহ বিভিন্ন এলাকায় একযোগে নিরাপত্তা চ্যালেঞ্জ বাড়ছে। বিশেষ করে লেবানন সীমান্তে প্রতিরক্ষা জোরদার করতে অতিরিক্ত সেনা মোতায়েন জরুরি হয়ে পড়েছে।

এদিকে সরকারের কড়া সমালোচনা করেছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। তার অভিযোগ, স্পষ্ট কৌশল ও পর্যাপ্ত সরঞ্জাম ছাড়াই সেনাবাহিনীকে একাধিক ফ্রন্টে লড়াইয়ে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় বাহিনী নির্ধারিত লক্ষ্য অর্জনে হিমশিম খাচ্ছে এবং আহত সেনাদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছে।