সারাবিশ্ব
ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্সের সেনারা
ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্সের সেনারা।
শুক্রবার (০৩ এপ্রিল)স্থানীয় সময় রাতে তারা দেশটিতে ঢুকে পড়েন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এর আগে শুক্রবার দিনে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। ওই বিমানে দু’জন ক্রু ছিলেন। তাদের একজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।
এই অভিযানে অংশ নেওয়া মার্কিন হেলিকপ্টারকে টার্গেট করে গুলি ছোড়ে ইরানের পুলিশ। এতে একটি হেলিকপ্টারের লেজের অংশে আগুন ধরে যায় এবং সেখান থেকে ধোঁয়া বের হয়। কিন্তু হেলিকপ্টারটি পরবর্তীতে নিরাপদে অবতরণ করতে সমর্থ হয়।
যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা যখন তাদের ক্রুকে উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে তখন ওই ক্রুকে ধরতে পাল্টা অভিযান চালাচ্ছে ইরানি মিলিশিয়ারা।
এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভিতে এক ঘোষণায় বলা হয়েছে, যদি কেউ মার্কিন বিমানবাহিনীর এই পাইলটকে জীবিত অথবা মৃত অবস্থায় আটক করতে পারে তাহলে তাকে ৬৬ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।