সারাবিশ্ব
বীমা বোর্ডে স্ত্রী নিয়োগের অভিযোগে নেপালের মন্ত্রীকে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপ কুমার সাহকে বীমা বোর্ডে স্ত্রীকে পুনরায় নিয়োগের চেষ্টা সংক্রান্ত অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ দিনের মাথায় গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তাঁকে পদ থেকে অপসারণ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য বীমা বোর্ডে মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও স্ত্রীর পুনর্নিয়োগের ক্ষেত্রে মন্ত্রী তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন।
এ বিষয়ে আরএসপি সভাপতি রবি লামিছানে দলীয় শৃঙ্খলা কমিশনের সুপারিশের পর মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। পরে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশন আনুষ্ঠানিকভাবে তাঁর অপসারণের সুপারিশ জমা দেয়।
প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা দীপা দাহাল জানান, সুপারিশ পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব নিজ হাতে নেন। একইসঙ্গে স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী নিশা মেহতাকেও সতর্ক করা হয়েছে, কারণ তিনি এ বিষয়ে যথাযথভাবে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ ওঠে।
দাহাল আরও জানান, সতর্কবার্তাটি আরএসপির সুপারিশের ভিত্তিতেই প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর নেপালে তরুণ প্রজন্মের আন্দোলনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়। সেই নির্বাচনে ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোকে পরাজিত করে নবীন নেতা বালেন্দ্র শাহ ও তাঁর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ক্ষমতায় আসে।