সারাবিশ্ব

প্রার্থনা করি ভারত-বাংলাদেশের সম্পর্ক উন্নতি না হোক: আসামের মুখ্যমন্ত্রী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম

প্রার্থনা করি ভারত-বাংলাদেশের সম্পর্ক উন্নতি না হোক: আসামের মুখ্যমন্ত্রী
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক সাক্ষাৎকারে তিনি ব্যক্তিগতভাবে দুই দেশের সম্পর্ক উন্নত না হওয়ার কামনা করেন বলে জানিয়েছেন।

ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিদিন সকালে তিনি প্রার্থনা করেন যেন বর্তমান সম্পর্কের অবস্থা অপরিবর্তিত থাকে এবং দুই দেশের সম্পর্ক আর উন্নত না হয়। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

সাক্ষাৎকারে সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। সেখানে তিনি দাবি করেন, তার দাবি, সীমান্তরক্ষী বাহিনী মাঝে মাঝে যাদের ফেরত পাঠানো হবে, তাদের কয়েকদিন থেকে শুরু করে কয়েক সপ্তাহ পর্যন্ত নিজেদের হেফাজতে রাখে। এরপর সুযোগ বুঝে, বিশেষ করে সীমান্তের ওপারে বাংলাদেশি বাহিনীর উপস্থিতি না থাকলে, তাদের জোর করে সীমান্ত পার করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এসব কার্যক্রম অনেক সময় রাতের বেলায় পরিচালিত হয়। যদিও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্তমান নাম ভিন্ন, তিনি পুরনো নাম ব্যবহার করেছেন বলেও জানা গেছে।

গত ১৫ এপ্রিল সাক্ষাৎকারটি সম্প্রচারিত হলেও সম্প্রতি এর কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন ভারত থেকে নতুন কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে দীনেশ ত্রিবেদীকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর ঘোষণা দেওয়ার পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

সূত্র: বিবিসি বাংলা