সারাবিশ্ব

আটলান্টিকে প্রমোদতরীতে রহস্যময় ভাইরাসে তিনজনের মৃত্যু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১১:৪০ এএম

আটলান্টিকে প্রমোদতরীতে রহস্যময় ভাইরাসে তিনজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে চলাচলরত একটি বিলাসবহুল প্রমোদতরীতে বিরল ভাইরাসের সংক্রমণ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। অজানা উপসর্গে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের মধ্যে পরে হান্টাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যা ইতোমধ্যে তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে।

বিবিসির তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা থেকে কেপ ভার্দের উদ্দেশ্যে যাত্রা করা এমভি হোনডিয়াস নামের জাহাজে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। একজনের শরীরে নিশ্চিতভাবে ভাইরাস শনাক্ত হওয়ার পাশাপাশি আরও অন্তত পাঁচজন আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে জরুরি সতর্কতা জারি করেছে এবং সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করেছে। আক্রান্ত ছয়জনের মধ্যে তিনজন মারা গেছেন এবং একজন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে ব্রিটিশ নাগরিকদের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জাহাজটিতে তীব্র শ্বাসযন্ত্রজনিত অসুস্থতার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রথমে ৭০ বছর বয়সী এক যাত্রী অসুস্থ হয়ে প্রমোদতরীতেই মারা যান। পরে তার ৬৯ বছর বয়সী স্ত্রীও অসুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকায় নেওয়ার পর মারা যান। বর্তমানে একজন রোগী জোহানেসবার্গে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন।

হান্টাভাইরাস সাধারণত সংক্রমিত ইঁদুরের মল বা মূত্রের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। বিরল হলেও গুরুতর ক্ষেত্রে এটি প্রাণঘাতী হতে পারে এবং রক্তক্ষরণজনিত জ্বর সৃষ্টি করতে পারে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, প্রমোদতরীটিতে ল্যাবরেটরি পরীক্ষা, মহামারিবিদ্যাগত বিশ্লেষণসহ বিস্তারিত তদন্ত চলছে। যাত্রী ও নাবিকদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং ভাইরাসটির জিনগত বিশ্লেষণও অব্যাহত রয়েছে।