সারাবিশ্ব
ইরানের পর এবার উত্তর কোরিয়ায় নজর দিতে চান ট্রাম্প
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর এবার উত্তর কোরিয়া ইস্যুর দিকে মনোযোগ দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং।
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। লি জে-মিয়ং বলেন, ট্রাম্প তাকে জানিয়েছেন যে এবার উত্তর কোরিয়া ইস্যুর দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরও জানান, বৈঠকে তিনি ট্রাম্পকে বলেছেন যে উত্তর কোরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না।
তার মতে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বেড়ে যাওয়ায় এসব নিষেধাজ্ঞার কার্যকারিতা অনেকটাই কমে গেছে। তিনি বলেন, রাশিয়ার সামান্য সহায়তাও উত্তর কোরিয়ার জন্য বড় ধরনের সুবিধা তৈরি করছে।
এদিকে ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ২০১৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বৈঠকের একটি ছবি পোস্ট করেন। কোনো মন্তব্য না থাকলেও বিষয়টি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে অগ্রগতির পর ট্রাম্প প্রশাসন এখন পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনায় গুরুত্ব দিতে পারে।
উল্লেখ্য, ১৯৫০–৫৩ সালের কোরিয়া যুদ্ধ শান্তিচুক্তির বদলে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়ায় উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। দুই দেশ বর্তমানে অসামরিকীকৃত সীমান্ত অঞ্চলের মাধ্যমে বিভক্ত।
সূত্র: এএফপি