সারাবিশ্ব
ইসলামাবাদ সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ
ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা হিসেবে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার (২৪ জুন) ইরানি টেলিভিশনে সম্প্রচারিত আজারবাইজানের একটি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।
গালিবাফ বলেন, ইসলামাবাদ সমঝোতা কোনো চাপ বা জবরদস্তির ফল নয়; বরং এটি ইরানি জাতির সাহস, প্রতিরোধ ও শক্তির বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, এ কারণেই এই সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে।
গালিবাফের মতে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামো নির্ধারণে কেবল আঞ্চলিক দেশগুলোরই ভূমিকা থাকা উচিত। তিনি বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
প্রসঙ্গত, গত সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক দুই পক্ষের মধ্যে সংঘাত আনুষ্ঠানিকভাবে বন্ধ করে এবং চূড়ান্ত চুক্তির লক্ষ্যে ৬০ দিনের আলোচনা প্রক্রিয়া শুরু করে।
এর আগে চলতি সপ্তাহে জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মধ্যস্থতাকারীরা জানান, উভয় পক্ষ চূড়ান্ত চুক্তির একটি কাঠামো নিয়ে একমত হয়েছে। ভ্যান্স দাবি করেন, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের দেশে ফেরার অনুমতি দিতে সম্মত হয়েছে, যা তিনি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘেই জানান, সুইজারল্যান্ডে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে ইরানের কোনো বৈঠক হয়নি এবং ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় পরিদর্শনেরও কোনো পরিকল্পনা নেই।
এদিকে পাকিস্তান জানিয়েছে, তাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা আগামী সপ্তাহে আবার শুরু হতে পারে।