সারাবিশ্ব
একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত, প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে যমুনা নদীর একটি সেতুতে আত্মহত্যার উদ্দেশ্যে যান এক প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে প্রেমিকা সরে দাঁড়ান। প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও দ্রুত উদ্ধার অভিযানে তাকে জীবিত উদ্ধার করে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুজন আগে থেকেই একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন। সেতুতে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলার পর পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।
তবে তরুণী শেষ মুহূর্তে নদীতে ঝাঁপ না দিয়ে ঘটনাস্থলেই দাঁড়িয়ে পুরো ঘটনা দেখেন। পরে তিনি শান্তভাবে সেখান থেকে হেঁটে চলে যান।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছু সময়ের চেষ্টার পর আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে নিরাপদ আছেন।
ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পাশাপাশি যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: ইন্ডিয়া টুডে