সারাবিশ্ব

ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া, শান্তির আশা প্রেসিডেন্ট আল-শারার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:২২ এএম

ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া, শান্তির আশা প্রেসিডেন্ট আল-শারার
ছবি: সংগৃহীত

ইসরাইলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির লক্ষ্যে কাজ করছে সিরিয়া। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, কয়েকটি দেশের অংশগ্রহণে ইসরাইলের সঙ্গে একটি নিরাপত্তা সমঝোতায় পৌঁছাতে সক্রিয়ভাবে কাজ করছে তার সরকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার ‘আল মুকাবালা’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

আহমেদ আল-শারা বলেন, ইসরাইলের সঙ্গে সম্ভাব্য এই চুক্তি দীর্ঘমেয়াদি ও সার্বিক শান্তির নতুন পথ তৈরি করতে পারে। তবে তিনি স্পষ্ট করে জানান, এমন কোনো সমঝোতা দখলকৃত গোলান মালভূমির ওপর সিরিয়ার ন্যায্য অধিকারকে কোনোভাবেই ক্ষুণ্ন করবে না। ১৯৭৩ সাল থেকে ভূখণ্ডটি ইসরাইলের দখলে রয়েছে।

তিনি আরও বলেন, সিরিয়া বর্তমানে ইসরাইলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো এড়িয়ে চলছে। তার মতে, দুই দেশের মধ্যে একটি নিরাপত্তা সমঝোতা চলমান সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বাশার আল-আসাদ সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বরে আহমেদ আল-শারা ক্ষমতায় আসেন। এরপর থেকে দক্ষিণ সিরিয়ায় ইসরাইলের নিয়মিত অনুপ্রবেশ ও বিমান হামলার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতেই নিরাপত্তা চুক্তির উদ্যোগ নিয়েছে দামেস্ক।

এদিকে, লেবাননে ইসরাইলের সঙ্গে সংঘাতে জড়িয়ে থাকা হিজবুল্লাহকে মোকাবিলায় সিরিয়াকে ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আহমেদ আল-শারা জানিয়েছেন, লেবাননে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা সিরিয়ার নেই।

তিনি বলেন, লেবাননের বর্তমান সংকট মোকাবিলায় দেশটির কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করছে তার সরকার।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, লেবাননে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি হলে তার সরাসরি ও তাৎক্ষণিক প্রভাব সিরিয়ার ওপর পড়বে। এছাড়া এই অঞ্চলে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে উত্তেজনা আরও বিস্তৃত হলে পুরো মধ্যপ্রাচ্যের সংকট গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।