সারাবিশ্ব
গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে আগুনের পর হামলা, শিশুসহ নিহত ৩০
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার (২৭ জুলাই) রাতে এ হামলার ঘটনা ঘটে।
গ্রাম প্রধানের সচিব ডোগন রানা জানান, বন্দুকধারীরা অতর্কিতভাবে গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এবং একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে আট শিশুর মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা দীর্ঘদিন ধরেই বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি করেছে। এসব হামলায় প্রায়ই গ্রামবাসী নিহত, অপহরণ ও বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ঘটছে।
এদিকে কাডুনা রাজ্য পুলিশের মুখপাত্র হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য করেননি। তিনি জানিয়েছেন, তদন্ত চলছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
সূত্র: রয়টার্স