সারাবিশ্ব
ফ্লাইটে ঘুমন্ত নারীকে যৌন নিপীড়ন, পাকিস্তানি যাত্রীর ৩ বছরের কারাদণ্ড
দুবাই থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকগামী একটি রাতের ফ্লাইটে ঘুমন্ত এক নারী যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে পাকিস্তানের এক নাগরিককে গ্রেপ্তার করেছে থাই পুলিশ। বিমানটি ব্যাংককে অবতরণের পর তাকে আটক করা হয়। পরে আদালত অভিযুক্তকে তিন বছরের কারাদণ্ড, ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা দেন।
ভুক্তভোগী থাই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে বিউট অর্ননিচা নামে পরিচয় দিয়েছেন। গত সোমবার (৩ আগস্ট) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ওই ফ্লাইটে ঘটে যাওয়া ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন।
অর্ননিচা জানান, চার বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দুবাই থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। উড্ডয়নের কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন, পাশের আসনে বসা এক পাকিস্তানি যাত্রী তার আসনের ওপর হাত রেখে অস্বাভাবিকভাবে বসে আছেন। বিষয়টি কিছুটা অস্বস্তিকর মনে হলেও তখন তিনি গুরুত্ব দেননি।
সময়ের পার্থক্যের সঙ্গে মানিয়ে নিতে যাত্রার আগে ঘুমের ওষুধ সেবন করায় মেয়ের পাশে গভীর ঘুমে তলিয়ে যান তিনি। একপর্যায়ে ঘুম ভাঙার পর তিনি অনুভব করেন, কেউ তার শরীরের ডান পাশের নিতম্বে স্পর্শ করছে। একই সঙ্গে সেখানে ভেজাভাবও টের পান। তখন তার গায়ে একটি কম্বল ঢাকা ছিল।
প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর পাশের যাত্রীকে তার দিকে তাকিয়ে থাকতে এবং বিমানের বিনোদনব্যবস্থার স্ক্রিন নিয়ে অস্বাভাবিক আচরণ করতে দেখে সন্দেহ আরও প্রবল হয়। অর্ননিচার অভিযোগ, ঘুমের ওষুধের কারণে তিনি অচেতন থাকায় ওই ব্যক্তি সুযোগ নিয়ে তাকে যৌন নিপীড়ন করেন। ঘটনার মাঝপথে তার ঘুম ভেঙে যায়।
বিমানটি ব্যাংককে অবতরণের প্রায় দেড় ঘণ্টা আগে তিনি এক কেবিন ক্রুকে পুরো ঘটনা জানান। পরে বিমানকর্মীরা অভিযুক্ত যাত্রীর মুখোমুখি হলে তিনি অভিযোগ স্বীকার করেন, কান্না করেন এবং বারবার ক্ষমা চান। তবে ভুক্তভোগী কোনো ধরনের আপস করতে অস্বীকৃতি জানিয়ে বিমান অবতরণের পর পুলিশ উপস্থিত রাখার অনুরোধ করেন।
এ সময় সহায়তায় আসা এক থাই কেবিন ক্রু সদস্য ভুক্তভোগীর পোশাকে সন্দেহজনক একটি দাগ দেখতে পান। এতে তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়েন এবং আশঙ্কা করেন, ঘুমন্ত অবস্থায় তার সঙ্গে আরও গুরুতর অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে।
পরদিন (৫ আগস্ট) দেওয়া এক হালনাগাদ পোস্টে অর্ননিচা জানান, থাইল্যান্ডের ট্যুরিস্ট পুলিশ দ্রুত তদন্ত করে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করে। আদালত তাকে তিন বছরের কারাদণ্ড, ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন।
নিয়মিত আন্তর্জাতিক ভ্রমণকারী অর্ননিচা বলেন, বহুবার বিদেশ সফর করলেও এর আগে কখনো এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হননি। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণকারীদের, বিশেষ করে একা ভ্রমণকারী নারী যাত্রীদের, অপরিচিত আসনসঙ্গীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সূত্র: ব্যাংকক পোস্ট