সারাবিশ্ব

আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম

আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ও বেসরকারি উভয় খাতে ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৮ আগস্ট (শুক্রবার) দেশজুড়ে এই ছুটি পালন করা হবে।

এই ঘোষণার ফলে যেসব কর্মীর সাপ্তাহিক ছুটি শনি ও রোববার, তারা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। তবে শারজাহ প্রদেশের সরকারি কর্মচারীরা আগে থেকেই শুক্রবার সাপ্তাহিক ছুটি ভোগ করে থাকায় তাদের ছুটির ধরন কিছুটা ভিন্ন থাকবে।

ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১২ রবিউল আউয়াল তারিখে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। এই দিনেই বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে স্মরণ করা হয়।

প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে আরব ভূখণ্ডে মা আমিনার কোলজুড়ে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। পরবর্তীতে একই দিনে তিনি ইন্তেকাল করেন।

ইতিহাস অনুযায়ী, সে সময় আরব সমাজ অজ্ঞতা, বিভ্রান্তি ও অনৈতিক কর্মকাণ্ডে নিমজ্জিত ছিল, যা ‘আইয়ামে জাহেলিয়াত’ নামে পরিচিত। সেই অন্ধকার যুগ থেকে মানবজাতিকে মুক্তি ও সত্যের পথে পরিচালিত করতে মহান আল্লাহ তায়ালা প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেন।