সারাবিশ্ব
ভারতে গুগল ম্যাপস কর্মীদের চোর সন্দেহে গণপিটুনি, তারপর...
ভারতের উত্তরপ্রদেশের কানপুরে গুগল ম্যাপসের হয়ে কাজ করা জরিপ দলের সদস্যদের চোর সন্দেহে গণপিটুনির শিকার হতে হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার বীরহার গ্রামে এই ঘটনা ঘটে। ক্যামেরা লাগানো গাড়ি ব্যবহার করে মানচিত্র হালনাগাদে কাজ করছিলেন তারা। তবে স্থানীয়দের ভুল বোঝাবুঝিতে তাদের ঘিরে ধরে শুরু হয় জেরা, পরে তা রূপ নেয় মারধরে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গুগলের হয়ে আউটসোর্স করা সংস্থা টেক মাহিন্দ্রা এই জরিপ কাজ চালাচ্ছিল। গাড়ির ছাদে বড় ক্যামেরা বসানো থাকায় গ্রামবাসীদের সন্দেহ হয়—তারা মনে করে, এ গাড়ির মাধ্যমে ঘরবাড়ি নজরে রেখে চুরির পরিকল্পনা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। ফলে সন্দেহ আরও ঘনীভূত হয়। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, গ্রামবাসী জরিপ দলের গাড়ি ঘিরে ফেলে এবং শুরু হয় জিজ্ঞাসাবাদ। একপর্যায়ে উত্তেজিত জনতা মারধর শুরু করে।
তবে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জরিপ দলের সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানেই তারা জানান, তারা সরকারি অনুমতি নিয়েই গুগল ম্যাপিংয়ের কাজে এসেছেন এবং কোনো বেআইনি উদ্দেশ্য ছিল না।
এক জরিপকর্মী বলেন, “আমরা পুরো বৈধ প্রক্রিয়া অনুসরণ করে কাজ করছি। ডিআইজির কাছ থেকে অনুমতি নিয়ে গ্রামে গিয়েছিলাম। কিন্তু মানুষ ভুল বুঝে আমাদের ওপর চড়াও হয়।”
পুলিশ জানায়, তারা ঘটনাস্থলে গিয়ে জরিপের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় উভয় পক্ষের সঙ্গে কথা বলার পর, কোনো মামলা ছাড়াই বিষয়টি সমঝোতায় মীমাংসা হয়।