সারাবিশ্ব

এটা নতুন ভারত, পারমাণবিক হুমকিতেও ভয় পায় না: মোদি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

এটা নতুন ভারত, পারমাণবিক হুমকিতেও ভয় পায় না: মোদি
নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়েও নতুন ভারতকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ভাষায়, ভারত এখন এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে কাউকে ভয় পায় না, শত্রুর ঘরে ঢুকেও আঘাত হানতে পারে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভারতের মধ্যপ্রদেশের ধার জেলায় এক জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে এসব কথা বলেন মোদি। সেদিন ছিল তার ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে সেখানে একাধিক মেগা প্রকল্পের উদ্বোধন করেন তিনি। ওই সভায় কাশ্মিরের পেহেলগাম হামলার জবাবে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গ টেনে পাকিস্তানকে একহাত নেন মোদি।

তিনি বলেন, “এটা নতুন ভারত। এই ভারত কাউকে ভয় পায় না। ভারতীয় সেনারা আজ শত্রুর ঘরে ঢুকে আঘাত হানতে পারে। পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা সেই ভারত নই, যে চুপ করে সব সহ্য করবে।”

পাকিস্তানের সাম্প্রতিক পারমাণবিক হুমকির প্রসঙ্গ টেনে মোদি বলেন, “পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, যদি যুদ্ধ হয়, তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। আমি স্পষ্ট করে দিতে চাই নতুন ভারত সেই হুমকিতে ভয় পায় না। আমরা জানি, কিভাবে জবাব দিতে হয়।”

প্রসঙ্গত, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’-এ জইশ-ই-মোহাম্মদের লঞ্চপ্যাড ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন মোদি। তিনি বলেন, “পাকিস্তান-সমর্থিত জঙ্গিরাই আজ ইসলামাবাদের আসল চেহারা উন্মোচন করছে।”

এদিকে, জন্মদিন উপলক্ষে মোদি দেশের প্রথম ‘প্রধানমন্ত্রী মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজন অ্যান্ড অ্যাপারেল (পিএম মিত্রা) পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২ হাজার ১৫৮ একর জমিতে গড়ে উঠবে এই টেক্সটাইল পার্ক, যা বিশেষ করে তুলা উৎপাদনকারী কৃষকদের উপকারে আসবে বলে জানিয়েছেন মোদি। এ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ভারতের টেক্সটাইল খাত বিশ্বমানের অবকাঠামো পাবে বলে জানান তিনি।

এ ছাড়া মোদি ‘স্বাস্থ্য নারী, শক্তিশালী পরিবার’ ও ‘জাতীয় পুষ্টি মাস’ কর্মসূচিরও উদ্বোধন করেন। আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে এই উদ্যোগ, যেখানে নারীর স্বাস্থ্য, কিশোরীদের অ্যানিমিয়া প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য এবং লিঙ্গ সমতা নিয়ে কাজ করা হবে।

তার বক্তব্যে ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপটও উঠে আসে। মোদি স্মরণ করিয়ে দেন, ১৯৪৮ সালের এই দিনেই (১৭ সেপ্টেম্বর) সরদার প্যাটেলের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী হায়দরাবাদ মুক্ত করেছিল। মোদি বলেন, “হায়দরাবাদ মুক্তির এই দিন ভারতের জন্য গৌরবের। আজকের ভারতও সেই সাহস ও দৃঢ়তা নিয়ে এগিয়ে চলছে।”

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জন্মদিনে মধ্যপ্রদেশে মোদির এটি দ্বিতীয় সফর। এর আগে ২০২২ সালেও তিনি নিজের জন্মদিনে রাজ্যটি সফর করেছিলেন।

সভায় মোদি বলেন, “এই দেশের কোটি কোটি মা-বোন আমাকে আশীর্বাদ করেন। তাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। টেক্সটাইল পার্ক শুধু শিল্প নয়, এটা কৃষকদের জীবনের উন্নয়নের প্রতিশ্রুতি।”