সারাবিশ্ব

বিমানের ভেতরে ইঁদুর, ৩ ঘণ্টা আটকা ইন্ডিগোর ফ্লাইট


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

বিমানের ভেতরে ইঁদুর, ৩ ঘণ্টা আটকা ইন্ডিগোর ফ্লাইট
ছবি: সংগৃহীত

যাত্রীরা সবাই বিমানে উঠে পড়েছেন। বোর্ডিং শেষ, কেবিন ক্রু প্রস্তুত, কেবল উড্ডয়নের অপেক্ষা। ঠিক এমন মুহূর্তে শুরু হলো অপ্রত্যাশিত এক হুলস্থুল একটি ছোট্ট ইঁদুর ঢুকে পড়েছে বিমানের ভেতরে। আর তারপর শুরু হলো তার দৌরাত্ম্য।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুর বিমানবন্দরে। দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের ওই ফ্লাইটে রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ইঁদুর দেখা যাওয়ায় পুরো উড্ডয়ন প্রক্রিয়া থেমে যায়। পরে যাত্রীদের নামিয়ে এনে শুরু হয় ইঁদুর ধরার অভিযান, যা চলে প্রায় দেড় ঘণ্টা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কানপুর থেকে দিল্লিগামী ফ্লাইটটি ছাড়ার কথা ছিল বিকেল ২টা ৫৫ মিনিটে। সব যাত্রী উঠে বসার পর কেবিনের ভেতরে ছোটাছুটি করতে দেখা যায় একটি ইঁদুরকে। বিষয়টি সঙ্গে সঙ্গে এয়ারলাইন্স কর্তৃপক্ষের নজরে আসে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সকল যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। এরপর বিমানটির ভেতর শুরু হয় তল্লাশি। ইঁদুরের কারণে পুরো ফ্লাইট এবং গ্রাউন্ড অপারেশন ব্যাহত হয়, ভোগান্তিতে পড়েন প্রায় ১৪০ জন যাত্রী।

অবশেষে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে বিমানটি কানপুর থেকে দিল্লির উদ্দেশে উড্ডয়ন করে। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে, ৭টা ১৬ মিনিটে এটি দিল্লিতে অবতরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানপুর বিমানবন্দরের গণমাধ্যম কর্মকর্তা বিবেক সিং বলেন, “বিমানের ভেতরে ইঁদুর দেখা যাওয়ায় সতর্কতার অংশ হিসেবে যাত্রীদের নামিয়ে এনে তল্লাশি চালানো হয়।”