সারাবিশ্ব
জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকার করে যা জানাল ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ভারত। শুক্রবার (১৬ জানুয়ারি) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এই সম্পর্কের অংশ হিসেবেই বাংলাদেশে কর্মরত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন। জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠকটি সেই কূটনৈতিক প্রক্রিয়ার অংশ বলে উল্লেখ করেন তিনি।
তবে বৈঠকটি কেন গোপনে অনুষ্ঠিত হয়েছে—এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের কথা প্রকাশ করেন। তিনি জানান, অন্যান্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যেই তার সঙ্গে সাক্ষাৎ করলেও ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন।
সেই সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, সব দেশের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক স্বচ্ছ হওয়া উচিত এবং পারস্পরিক সম্পর্কোন্নয়ন ছাড়া দুই দেশের সামনে আর কোনো বাস্তবসম্মত বিকল্প নেই। তার এই বক্তব্যের পর তাৎক্ষণিকভাবে ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না এলেও শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করল নয়া দিল্লি।