সারাবিশ্ব

নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়, ইন্ডিগোকে ২২ কোটি রুপি জরিমানা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:২১ এএম

নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়, ইন্ডিগোকে ২২ কোটি রুপি জরিমানা
ছবি: সংগৃহীত

গত বছরের ডিসেম্বরে ভারতজুড়ে ইন্ডিগো এয়ারলাইন্সের নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়ের ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। ফ্লাইট পরিচালনায় গুরুতর গাফিলতি ও নিয়মনীতি লঙ্ঘনের দায়ে ইন্ডিগোকে মোট ২২.২০ কোটি রুপি জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এয়ারলাইন্সটির শীর্ষ ব্যবস্থাপনার বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিজিসিএ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ইন্ডিগো প্রায় ২ হাজার ৫০৭টি ফ্লাইট বাতিল করে এবং আরও ১ হাজার ৮৫২টি ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় ব্যাপকভাবে বিলম্বিত হয়। এর ফলে সারা দেশে প্রায় তিন লাখ যাত্রী চরম ভোগান্তির শিকার হন, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ফ্লাইট বিপর্যয় হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত চার সদস্যের একটি তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে জানায়, অতিরিক্ত অপ্টিমাইজেশন, দুর্বল সফটওয়্যার ব্যবস্থাপনা এবং তদারকির ঘাটতিই এই বিপর্যয়ের মূল কারণ। বিশেষ করে পাইলট ও কেবিন ক্রুদের ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল) সংক্রান্ত নিয়ম একাধিকবার লঙ্ঘনের বিষয়টি তদন্তে স্পষ্টভাবে উঠে এসেছে।

ডিজিসিএ জরিমানার বিস্তারিত ব্যাখ্যায় জানায়, ছয়টি পৃথক নিয়ম লঙ্ঘনের জন্য ইন্ডিগোকে ১.৮০ কোটি রুপি জরিমানা করা হয়েছে। পাশাপাশি, পরবর্তীতে নির্দেশনা মানতে ব্যর্থ হওয়ায় দৈনিক ৩০ লাখ রুপি হিসেবে আরও ২০.৪০ কোটি রুপি জরিমানা আরোপ করা হয়। সব মিলিয়ে জরিমানার অংক দাঁড়িয়েছে ২২.২০ কোটি রুপিতে।

শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে ইন্ডিগোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)-কে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ডিজিসিএ ইন্ডিগোকে ‘সিস্টেমিক রিফর্ম অ্যাসুরেন্স স্কিম’-এর আওতায় ৫০ কোটি রুপির ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই স্কিমের মাধ্যমে এয়ারলাইন্সটির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও অপারেশনাল কাঠামোতে মৌলিক সংস্কার নিশ্চিত করা হবে।

ইন্ডিগোর মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্টারগ্লোব অ্যাভিয়েশন লিমিটেড এক বিবৃতিতে জানিয়েছে, তারা ডিজিসিএর নির্দেশনা মেনে নিয়েছে এবং নিজেদের অভ্যন্তরীণ প্রক্রিয়া আরও শক্তিশালী করতে কাজ করছে। একই সঙ্গে ভোগান্তির শিকার যাত্রীদের প্রতি দুঃখ প্রকাশ করে এয়ারলাইন্সটি ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার রুপির বিশেষ ভাউচার দেওয়ার ঘোষণা দিয়েছে।