সারাবিশ্ব

কারাগারে দুই খুনির পরিচয় ও প্রেম, বিয়ের জন্য মিলল জামিন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম

কারাগারে দুই খুনির পরিচয় ও প্রেম, বিয়ের জন্য মিলল জামিন
প্রিয়া শেঠ ও হনুমান প্রসাদ। ছবি: সংগৃহীত

ভারতে ঘটতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী ও চাঞ্চল্যকর ঘটনা। কারাগারের ভেতরে পরিচয়, সেখান থেকে প্রেম—এবার সেই সম্পর্ক পরিণতি পাচ্ছে বিয়েতে। ভয়াবহ অপরাধে দণ্ডপ্রাপ্ত দুই আসামি প্রিয়া শেঠ ও হনুমান প্রসাদকে বিয়ের আয়োজনের জন্য ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে রাজস্থান হাইকোর্ট।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজস্থানের আলওয়ার জেলার বড়োদামেভ এলাকায় তাদের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ছয় মাস আগে একই কারাগারে পরিচয়ের পর প্রিয়া ও হনুমানের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে প্রিয়া শেঠ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অবস্থায় সাঙ্গানের ওপেন জেলে সাজা ভোগ করছেন। অন্যদিকে হনুমান প্রসাদ কারাবন্দি রয়েছেন পাঁচ খুনের মামলায়।

একসময় পেশায় মডেল ছিলেন প্রিয়া শেঠ। ২০১৮ সালে ডেটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে দুষ্যন্ত শর্মা নামে এক যুবককে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, প্রেমিক দীক্ষান্ত কামরা ও আরেক সহযোগীর সহায়তায় দুষ্যন্তকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন প্রিয়া। পরে ধরা পড়ার আশঙ্কায় দুষ্যন্তকে হত্যা করা হয়। তার মরদেহ একটি স্যুটকেসে ভরে আমের পাহাড় এলাকায় ফেলে দেওয়া হয়। ঘটনার পরদিন পুলিশ মরদেহ উদ্ধার করে এবং তিনজনকেই গ্রেপ্তার করে।

অন্যদিকে, বর হনুমান প্রসাদ দণ্ডিত হয়েছেন আরও নৃশংস এক হত্যাকাণ্ডে। ২০১৭ সালের ২ অক্টোবর আলওয়ারে প্রেমিকা সন্তোষের সঙ্গে যোগসাজশে তার স্বামী বনওয়ারি লাল, তিন সন্তান এবং এক ভাগ্নেকে হত্যা করা হয়। সন্তোষের নির্দেশেই শিশুদের হত্যা করা হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। এক রাতে পাঁচজনকে খুনের এই ঘটনা আলওয়ার জেলার ইতিহাসে অন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড হিসেবে পরিচিত।

কারাগারে থাকা অবস্থায় দুই আসামির মধ্যে গড়ে ওঠা সম্পর্ক এখন বিয়েতে রূপ নিতে যাচ্ছে, যা সামাজিক ও আইনি মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।