সারাবিশ্ব

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর সংঘর্ষ, নিহত ৪১


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর সংঘর্ষ, নিহত ৪১
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভারতসমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে চালানো দুইটি পৃথক অভিযানে অন্তত ৪১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, ২৯ জানুয়ারি হরনাই জেলার নিকটবর্তী এলাকায় পরিচালিত প্রথম অভিযানে ‘ফিতনা আল-খারিজ’ নামের একটি গোষ্ঠীর ৩০ জন সদস্য নিহত হয়। অভিযানে তাদের আস্তানা ধ্বংস করা হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে পাঞ্জগুর জেলায় পরিচালিত আরেক অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ সংশ্লিষ্ট ১১ জন নিহত হয়। ওই অভিযানে সন্ত্রাসীদের একটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং তাদের কাছ থেকে অস্ত্রের পাশাপাশি গত ১৫ ডিসেম্বর সংঘটিত একটি ব্যাংক ডাকাতির লুট করা অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানায় আইএসপিআর।

পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছে, নিহতরা সবাই অতীতে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। বর্তমানে সংশ্লিষ্ট দুই এলাকায় আরও সন্ত্রাসী সদস্যদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী তাদের অভিযান আরও জোরদার করেছে।

পাকিস্তান দাবি করছে, আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর দেশটির সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সন্ত্রাসী হামলার মাত্রা বেড়েছে, বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে।

এদিকে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ২০২৫ সালে দেশজুড়ে ৭৫ হাজারের বেশি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করা হয়েছে, যাতে প্রায় ২ হাজার ৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে।