সারাবিশ্ব

খাসির মাংসের বদলে মুরগি পরিবেশন, বিয়েবাড়িতে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম

খাসির মাংসের বদলে মুরগি পরিবেশন, বিয়েবাড়িতে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২
ছবি: সংগৃহীত

ভারতে একটি বিয়ের অনুষ্ঠানে খাসির মাংসের পরিবর্তে মুরগি পরিবেশনকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বিহার রাজ্যের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে মোহাম্মদ আনোয়ারের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ ওরফে চাঁদের সঙ্গে মোহাম্মদ জাভেদ ওরফে মোটোর মেয়ের বিয়ে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খাবার পরিবেশনের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বরপক্ষের অভিযোগ, তাদের খাসির মাংস খাওয়ানোর কথা বলা হয়েছিল। কিন্তু খাবারের প্লেটে মুরগির মাংস পরিবেশন করা হলে ক্ষোভের সৃষ্টি হয়।

এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে তা দ্রুত হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালাচ্ছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিমরি বখতিয়ারপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি