সারাবিশ্ব
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
ভারতে নিট পরীক্ষা বাতিলের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর রাজনৈতিক নেতা থালাপতি বিজয়। নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ নামের একটি সংগঠনের নেতৃত্বে চলা এই আন্দোলনকে কেন্দ্র করে প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।
বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তামিল ভাষায় দেওয়া এক বার্তায় থালাপতি বিজয় বলেন, তার দল টিভিকে শুরু থেকেই নিট পরীক্ষার বিরোধিতা করে আসছে এবং এই অবস্থান থেকে তারা সরে আসবে না। তার ভাষ্য, নিট ইস্যুতে কোনো ধরনের আপস করবে না দলটি এবং এ বিষয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টাও করা হবে না।
তিনি আরও উল্লেখ করেন, এই পরীক্ষা শুধু শিক্ষার্থীদের নয়, তাদের পরিবারগুলোর জন্যও বড় ধরনের মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি করছে। তাই দ্রুত এই ব্যবস্থার পরিবর্তন জরুরি।
এদিকে, নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে দিল্লিতে আন্দোলন আরও জোরদার হয়েছে। আন্দোলনকারীরা পরীক্ষা বাতিল, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।