সারাবিশ্ব
একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত থেকে দুটি আলাদা আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য, অন্যটি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেয়ার জন্য।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে প্রথমে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়। ফলে তার কাছে দুটি আলাদা আমন্ত্রণ ছিল।
ভারতের এই বক্তব্য এসেছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্যের পর। গত ১০ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার দেশ নয়। তবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ১৮তম ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এদিকে, তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণটি আলাদা ছিল এবং সেটি ফেব্রুয়ারিতে দেয়া হয়েছিল বলে জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা বাংলাদেশে এসে তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সময় স্ত্রী ও সন্তানসহ ভারত সফরের আমন্ত্রণসংবলিত একটি চিঠিও তার কাছে পৌঁছে দেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার তারেক রহমানের প্রথম ভারত সফরকে দ্বিপক্ষীয় সফর হিসেবেই গুরুত্ব দিচ্ছিল। একই সঙ্গে ব্রিকসের আমন্ত্রণটি প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দেয়া হয়েছিল বলে বাংলাদেশের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল।
ভারতের নতুন বক্তব্যে মূলত আমন্ত্রণের সংখ্যা ও ধরন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির ব্যাখ্যা পাওয়া গেল। নয়াদিল্লির দাবি অনুযায়ী, ব্রিকসের আমন্ত্রণটি ছিল বিমসটেকের চেয়ারম্যান হিসেবে এবং ভারত সফরের আমন্ত্রণটি সরাসরি দ্বিপক্ষীয় সফরের জন্য।