সারাবিশ্ব
টানা ভারী বর্ষণে বিপর্যস্ত ভারতের উত্তর প্রদেশ, বন্যা ও ভূমিধসে নিহত ৫৬
টানা তিন দিনের ভারী বর্ষণে ভয়াবহ দুর্যোগের মুখে পড়েছে ভারতের উত্তর প্রদেশ। অতিবৃষ্টি থেকে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে রাজ্যটিতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
রোববার এক বিবৃতিতে প্রাণহানির এ তথ্য জানিয়েছে উত্তর প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় অতিভারী বর্ষণের কারণে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ স্থলভাগে প্রবেশের পর উত্তর প্রদেশজুড়ে বৃষ্টিপাতের তীব্রতা বেড়ে যায়। এর ফলে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয় এবং ভূমিধসের ঘটনাও ঘটে।
উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। সেখানে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে নিয়মিত ভারী বৃষ্টিপাত ও ঝড়বৃষ্টির ঘটনা ঘটে।
ভারতের আবহাওয়া দপ্তর গত কয়েক বছর ধরে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়ার ঘটনা বাড়ার বিষয়ে সতর্ক করে আসছে। পরিবেশ বিশেষজ্ঞরা এসব পরিস্থিতিকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে উল্লেখ করছেন।
সরকারি হিসাব অনুযায়ী, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তর প্রদেশে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ বছরের এই সময়ে রাজ্যটিতে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।