সারাবিশ্ব

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ৩০


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ এএম

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ৩০
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র শীত ও প্রচণ্ড তুষারপাতের কারণে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। রেকর্ড পরিমাণ তুষারে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট এবং বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় পড়েছেন আট লাখেরও বেশি গ্রাহক।

এই দুর্যোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া-সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। শীতের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে উত্তর-পূর্বাঞ্চলের নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে শুরু করে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়। অনেক অঞ্চলে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই তুষারঝড়ের কবলে পড়েছেন প্রায় ১১ কোটি ৮০ লাখ মানুষ।

দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত সেগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি খুব জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

তীব্র তুষারঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানবন্দরে বিমান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্যমতে, রোববার একদিনেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। করোনা মহামারির পর এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট বাতিলের ঘটনা।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আবহাওয়ার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

সূত্র: বিবিসি, এপি