সারাবিশ্ব
মেসি-রোনালদো নয়, ট্রাম্পের চোখে সর্বকালের সেরা পেলে
ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় কে এ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। অনেকের মতে আর্জেন্টিনার লিওনেল মেসি কিংবা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোই এই মর্যাদার দাবিদার। তবে এ বিতর্কে ভিন্ন মত প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দৃষ্টিতে সর্বকালের সেরা ফুটবলার ব্রাজিলের কিংবদন্তি পেলে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তরুণ বয়সে যুক্তরাষ্ট্রের একটি ক্লাবের হয়ে খেলতে আসা পেলের খেলা মাঠে বসে দেখার সুযোগ হয়েছিল তার। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, পেলের খেলা দেখেই তিনি বুঝেছিলেন, তার মতো ফুটবলার আর কেউ নন।
ট্রাম্পের ভাষ্য, বেসবলে যেমন কিংবদন্তি হিসেবে বেব রুথের নাম উচ্চারিত হয়, তেমনি ফুটবলে পেলের অবস্থানও সবার ওপরে। তার বিশ্বাস, ফুটবল ইতিহাসে পেলের কৃতিত্ব ও প্রভাব অন্য সবার চেয়ে অনন্য।
এদিকে চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন। অন্যদিকে ধারাবাহিক নৈপুণ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন রোনালদো। তবে বর্তমান সময়ে তাদের উজ্জ্বল পারফরম্যান্স সত্ত্বেও ট্রাম্পের চোখে সর্বকালের সেরা ফুটবলার এখনো পেলেই।