সারাবিশ্ব

ইরানের সঙ্গে চুক্তি সম্পূর্ণভাবে অকার্যকর ও শেষ হয়ে গেছে: ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম

ইরানের সঙ্গে চুক্তি সম্পূর্ণভাবে অকার্যকর ও শেষ হয়ে গেছে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক এখন সম্পূর্ণভাবে অকার্যকর এবং কার্যত শেষ হয়ে গেছে।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে উপস্থিত সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে করা ওই চুক্তির আর কোনো কার্যকারিতা নেই।

দুই দেশের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, “আমি মনে করি এটি শেষ।” তার এই বক্তব্যে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের অবনতির বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এর আগে ট্রাম্প দাবি করেন, মার্কিন সশস্ত্র বাহিনী ইরানের অভ্যন্তরে অবস্থান করা ‘বিপজ্জনক’ লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালিয়েছে। ইরানের নীতিনির্ধারকদের সমালোচনা করে তিনি তাদের আচরণকে ‘অসুস্থ’ বলেও মন্তব্য করেন।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, তাদের নির্ভুল অস্ত্রের মাধ্যমে ইরানের ভেতরে ৮০টির বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফল হামলা চালানো হয়েছে।

এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিসহ ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে এ হামলা পরিচালিত হয়েছে বলে জানানো হয়।

তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব হিসেবেই নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এ অভিযান চালানো হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়ে গেছে।

সূত্র: আল জাজিরা