সারাবিশ্ব
এবার মুসলিম দেশকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পারমাণবিক নিরাপত্তা কাঠামোর কিছু দিক উপেক্ষা করেই এই অনুমোদনের পথে এগোচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
জানা গেছে, সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সহায়তা সংক্রান্ত একটি খসড়া চুক্তি বর্তমানে ডোনাল্ড ট্রাম্প-এর স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। যদিও এই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা সম্পন্ন হয় ২০২৫ সালের অক্টোবরে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে এই চুক্তিতে স্বাক্ষর বিলম্বিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতেই এই সংঘাত শুরু হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কিছু সদস্য মনে করছেন, এই চুক্তিতে স্বাক্ষর হলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের মধ্যেই বিরোধিতা তৈরি হতে পারে। এমন রাজনৈতিক চাপও বিলম্বের একটি কারণ।
বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এই উদ্যোগ সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে ঠেলে দিতে পারে। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সতর্ক করে বলেছিলেন, প্রতিদ্বন্দ্বী ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তবে সৌদি আরবও সেই পথে হাঁটবে।
এদিকে, এ বিষয়ে প্রশ্ন করা হলেও হোয়াইট হাউস কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তারা ২০২৫ সালের অক্টোবরে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট-এর একটি বিবৃতির দিকে ইঙ্গিত করেছে। ওই সময় তিনি বলেছিলেন, বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য একটি চুক্তিতে পৌঁছানো হয়েছে এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা কাঠামোর মাধ্যমে অংশীদারিত্ব জোরদার করার পরিকল্পনা রয়েছে।