সারাবিশ্ব
সৌদি ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে যাওয়ার আগে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সর্বশেষ ভ্রমণ সতর্কতায় সৌদি আরবকে তৃতীয় স্তরে রাখা হয়েছে। এর অর্থ হলো, দেশটিতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। পাশাপাশি সশস্ত্র সংঘাত ও সন্ত্রাসবাদের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া দেশটিতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের স্থানীয় আইন নিয়েও সতর্ক করা হয়েছে।
সতর্কবার্তায় সৌদি আরবের কয়েকটি এলাকাকে তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাঝুঁকি বেশি থাকায় সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে সৌদি আরবের দিকে ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা অব্যাহত রয়েছে। এর আগে সৌদি আরবের বিভিন্ন শহর, অবকাঠামো, বিমানবন্দর, সামরিক ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা ও জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
এদিকে সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কোনো বক্তব্য বা কার্যক্রম স্থানীয় কর্তৃপক্ষের কাছে সমালোচনামূলক, আপত্তিকর কিংবা জনশৃঙ্খলা বিঘ্নকারী মনে হলে গ্রেপ্তারের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে ইয়েমেনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতা, চতুর্থ স্তর, বহাল রয়েছে। সন্ত্রাসবাদ, অস্থিরতা, অপরাধ, অপহরণ, স্বাস্থ্যঝুঁকি ও স্থলমাইনের আশঙ্কার কারণে মার্কিন নাগরিকদের ইয়েমেনে কোনোভাবেই ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।