সারাবিশ্ব

হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম

হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিতর্কের মধ্যেই তিনটি সংবাদমাধ্যমকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প। নিষেধাজ্ঞার আওতায় পড়া তিন সংবাদমাধ্যম হলো সিএনএন, এমএস নাউ এবং পলিটিকো।

ট্রাম্প বলেন, এসব সংবাদমাধ্যমের ‘ক্রমাগত ভুয়া খবর প্রকাশের’ কারণে তাদের হোয়াইট হাউস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও সংবাদমাধ্যম একই ধরনের নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প প্রশাসন কিংবা যুক্তরাষ্ট্র সম্পর্কে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো সংবাদমাধ্যমের বারবার কল্পিত তথ্য ও মিথ্যা প্রকাশ বা প্রচারের সুযোগ থাকা উচিত নয়। এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগে আরও সংবাদমাধ্যমকে পরবর্তী সময়ে নিষেধাজ্ঞার আওতায় আনা হবে বলেও জানান তিনি।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই হোয়াইট হাউসে বড় সংবাদমাধ্যমগুলোর প্রবেশাধিকার নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিরোধ চলছে। এর আগে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

এদিকে, সাংবাদিকদের সংবেদনশীল তথ্য সংগ্রহ ও তা নিয়ে প্রতিবেদন প্রকাশের সক্ষমতা সীমিত করার লক্ষ্যে পেন্টাগনও নতুন সংবাদনীতি চালুর উদ্যোগ নিয়েছিল। ওই নীতির প্রতিশ্রুতিপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়ে একাধিক সংবাদমাধ্যমের সাংবাদিক সম্মিলিতভাবে সরে দাঁড়ান।

পরে একজন ফেডারেল বিচারক ওই নীতিকে অসাংবিধানিক বলে রায় দেন।

সূত্র: গার্ডিয়ান