আইন আদালত
জুলাই গণহত্যাকারীদের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর
জুলাই গণহত্যায় জড়িত কেউই শাস্তি এড়াতে পারবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার (১১ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “যারা মনে করেছিলেন বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে বা বিচার প্রক্রিয়া বানচাল করা যাবে, তাদের জন্য পরিষ্কার বার্তা— অপরাধীরা কেউ ছাড় পাবে না। বিচার কোনোভাবেই বন্ধ হবে না।”
তিনি এদিন রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন। সাংবাদিকদের তিনি জানান, জুলাই-আগস্ট আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্বজনদের সাক্ষ্যের মাধ্যমে রাষ্ট্র দেড় হাজারেরও বেশি মানুষের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করবে।
মামলার প্রথম সাক্ষী হিসেবে শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ আদালতে সাক্ষ্য দেন; তার মা-ও সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।
এ মামলায় পলাতক চারজনসহ মোট আট আসামির বিরুদ্ধে ১৪ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। বর্তমানে চারজন আসামি কারাগারে আছেন— শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চার আসামি আদালতে হাজির হননি। বাকিরা হলেন— ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়, যাতে নিহত হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।