আইন আদালত
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে স্থায়ী ও কার্যকর সমাধান চায় আপিল বিভাগ: প্রধান বিচারপতি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়টি নিয়ে কেবল সাময়িক সমাধান নয়, বরং একটি দীর্ঘস্থায়ী ও কার্যকর রূপরেখা দেখতে চায় দেশের সর্বোচ্চ আদালত। এ ব্যবস্থা যেন ভবিষ্যতে আর রাজনৈতিক বা সাংবিধানিক সংকটের কারণ না হয়, সে লক্ষ্যেই একটি সুস্পষ্ট সিদ্ধান্তের ওপর জোর দিয়েছেন বিচারপতিরা।
বুধবার (২৭ আগস্ট) সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) সংক্রান্ত শুনানিতে এমন মন্তব্য করেন আপিল বিভাগের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
শুনানিকালে প্রধান বিচারপতি প্রশ্ন রাখেন, “যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরানো হয়, তবে সেটি কার্যকর হবে কবে থেকে?” তিনি বলেন, “আমরা এমন একটি সমাধান খুঁজছি, যাতে ভবিষ্যতে বারবার এই ইস্যুতে অচলাবস্থা সৃষ্টি না হয়। গণতন্ত্রের স্বার্থে এটি যেন দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলে, সেটাই আমাদের লক্ষ্য।”
এই বিষয়ে দায়ের করা চারটি রিভিউ আবেদনের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয় সকাল ৯টা ৩৫ মিনিটে, প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ সদস্যের আপিল বেঞ্চে।
আবেদনকারীদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মো. শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানি পরিচালনা করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।