আইন আদালত
জামিন পেলেন না লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্না
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
আসামিদের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখীসহ অন্যরা, তবে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারক জামিন আবেদন খারিজ করে দেন।
ঘটনার পেছনের প্রেক্ষাপটে জানা গেছে, ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের উদ্যোগে গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে কিছু ব্যক্তি সেখানে ঢুকে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজনকে বের করে দেন এবং আব্দুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান ও সাংবাদিক পান্নাকে কিছু সময় অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে।
ঘটনার পরদিন শাহবাগ থানায় এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। সেই মামলায় পরবর্তীতে লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেফতার দেখানো হয়।