আইন আদালত

‘তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ায় দেশে নির্বাচনি ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস হয়েছে’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১১:৪৮ এএম

‘তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ায় দেশে নির্বাচনি ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস হয়েছে’
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ায় দেশে নির্বাচনি ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস হয়েছে বলে মন্তব্য কেরেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় দিনের শুনানিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব অর্থহীন, যা অনেকটা “জমিদারের ভাঙা বাড়ির” মতো।

শুনানিতে তিনি আরও বলেন, সংবিধানে গণতন্ত্রকে সুসংহত করার যে কোনো পদক্ষেপ মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে আপিল বিভাগের যুক্তি উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

গত বুধবার প্রথম দিনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলে দেশের নির্বাচনি ব্যবস্থা ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও বিদ্বেষের কারণে আওয়ামী লীগের সুবিধার্থে এই ব্যবস্থা বাতিল করা হয়েছে।

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আপিল বিভাগকে জানান, দেশের গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার পুনঃস্থাপন অপরিহার্য। বিএনপি, জামায়াত এবং সুজনসহ বিশিষ্ট নাগরিকদের আইনজীবীরাও এর আগে তত্ত্বাবধায়ক সরকার পুনঃস্থাপনের পক্ষের আইনি যুক্তি উপস্থাপন করেছেন।