আইন আদালত

ওসমান হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ আদালতের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পিএম

ওসমান হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ আদালতের
ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ডিএনএ নমুনা সংরক্ষণে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ আদালতে ডিএনএ নমুনা সংরক্ষণের অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হাদির ডিএনএ নমুনা সিআইডির প্রোফাইলিং ল্যাবরেটরিতে সংরক্ষণ করা জরুরি।

আবেদনে উল্লেখ করা হয়, গত ১২ ডিসেম্বর পল্টন থানাধীন বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

আবেদনে আরও জানানো হয়, ১৯ ডিসেম্বর সন্ধ্যায় হাদির মরদেহ দেশে আনা হয় এবং পরদিন ২০ ডিসেম্বর সুরতহাল সম্পন্ন করা হয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাশাত জাবীন ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ নমুনা সংগ্রহ করেন।

শুনানি শেষে আদালত ডিএনএ নমুনা প্রোফাইলিং ও সংরক্ষণের নির্দেশ দেন এবং এ কার্যক্রম সম্পাদনের দায়িত্ব বাংলাদেশ পুলিশের চিফ ডিএনএ অ্যানালিস্ট ফরেনসিক-কে প্রদান করেন।

উল্লেখ্য, হাদিকে গুলি করার ঘটনার পর ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের যুগ্ম সচিব আব্দুল্লাহ আল জাবের। পরবর্তীতে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।