আইন আদালত

হাইকোর্টে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম

হাইকোর্টে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের দেওয়া প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী যে রিট আবেদন করেছিলেন, তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। যদিও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন।

ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলে তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচন কমিশন এনসিপি প্রার্থীর আপিল মঞ্জুর করে এবং মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।

ইসির এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্টে রিট আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। রিটে তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চেয়েছিলেন। তবে হাইকোর্ট তার আবেদন গ্রহণ না করে তা খারিজ করে দেন।