আইন আদালত
বিএনপির আরেক প্রার্থীর মনোনয়ন বাতিল বহাল রাখল হাইকোর্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জন্য নতুন করে ধাক্কা এলো। কুমিল্লা-১০ আসন (লালমাই–নাঙ্গলকোট) থেকে দলটির মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। এর ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার দায়ের করা রিট আবেদন খারিজ করে দেন। এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করে।
নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করলেও আদালত তা গ্রহণযোগ্য মনে করেননি বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি।
এদিকে, এর আগের দিন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্তও বহাল রাখে হাইকোর্ট। ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করেছিল।