আইন আদালত

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

আদালতের আদেশ বাস্তবায়ন না করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না-তা জানতে চেয়ে এ রুল জারি করা হয়।

রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রুল আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশনারকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও ওই আদেশ বাস্তবায়ন করা হয়নি। আদালতের নির্দেশ অমান্য করায় বাধ্য হয়ে আদালত অবমাননার আবেদন করা হয়।

জানা যায়, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিনেও সেই আবেদন নিষ্পত্তি না করায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সিইসিকে আবেদন নিষ্পত্তির নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি।

আইনজীবীরা বলছেন, আদালতের আদেশ কার্যকর না হওয়া সাংবিধানিক ও আইনগতভাবে গুরুতর বিষয়। এ ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখন রুলের জবাবের ওপর নির্ভর করছে পরবর্তী আইনি পদক্ষেপ ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত।