আইন আদালত
৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী–কে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পাঁচ মামলার মধ্যে চারটি হত্যা মামলা। এগুলো হলো-ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। অপর একটি মামলা সদর মডেল থানায় দায়ের করা হয়, যেখানে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।
এর আগে, গত বছরের ৯ মে ভোর রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং হাইকোর্ট প্রথমে পাঁচ মামলায় জামিন দিলেও পরে আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করেন।
পরবর্তীতে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ আদেশে সংশ্লিষ্ট পাঁচ মামলায় তিনি জামিন লাভ করলেন।