আইন আদালত
সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন মঞ্জুর
রাজধানীর লালবাগ থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-এর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।
আদালত সূত্রে জানা গেছে, এদিন শিরীন শারমিনকে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেন এবং জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
এর আগে গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মিন্টো রোডের ডিবি কার্যালয় হয়ে তাকে আদালতে নেওয়া হয় এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে লালবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় পূর্বে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠিয়েছিলেন।