আইন আদালত
আবারও পেছালো নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি
রাজধানীর মোহাম্মদপুরে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ৯ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ এপ্রিল।
বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্ত দেন।
এর আগে গত ৮ এপ্রিল এবং পরবর্তীতে নির্ধারিত শুনানির তারিখেও অগ্রগতি হয়নি। আসামিপক্ষের আইনজীবীরা জানান, প্রয়োজনীয় নথিপত্র না পাওয়ায় অভিযোগ গঠনের শুনানি কার্যকরভাবে এগোতে পারেনি।
রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান বলেন, প্রসিকিউশন পক্ষ থেকে এখনো সব ডকুমেন্টস সরবরাহ করা হয়নি। শুধুমাত্র আনুষ্ঠানিক অভিযোগের কপি পাওয়া গেছে, বাকি নথি না থাকায় প্রস্তুতিতে সমস্যা হচ্ছে।
এ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনারসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে।
বর্তমানে মামলায় চারজন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার কয়েকজন নেতা-কর্মী।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীদের সম্পৃক্ততায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ৯ জন নিহত এবং আরও অনেকে আহত হন।
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ১৮ জানুয়ারি আদালত আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে। তবে নথিপত্র সংক্রান্ত জটিলতায় এখনো অভিযোগ গঠনের শুনানি শুরু করা সম্ভব হয়নি।