আইন আদালত

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালতের কার্যক্রম শুরু


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালতের কার্যক্রম শুরু
ছবি: ঢাকাপ্রকাশ

পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতে দীর্ঘ ১০৪ বছর প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো যুগ্ম জেলা জজ আদালতের কার্যক্রম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে এই আদালতের বিচারিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন জানান, কলাপাড়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল স্থানীয়ভাবে উচ্চতর বিচারিক সেবা নিশ্চিত করা। সেই দাবির প্রেক্ষিতে এবং স্থানীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে দুটি নতুন কোর্ট—যুগ্ম জেলা জজ দায়রা আদালত এবং যুগ্ম জেলা জজ আদালত-৩—এর কার্যক্রম শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, এই আদালতের কার্যক্রম শুরু হওয়ার ফলে স্থানীয় বিচারপ্রার্থী মানুষ এখন থেকে নিজ এলাকাতেই আইনি জটিলতার সমাধান পাবেন। আগে জেলা সদরে গিয়ে বিচারিক কাজ সম্পন্ন করতে যে সময় ও অর্থের অপচয় হতো, তা এখন অনেকাংশে লাঘব হবে।

উল্লেখ্য, ১৯২২ সালে কলাপাড়া চৌকি আদালত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এই স্তরের বিচারিক সেবা থেকে বঞ্চিত ছিল এই অঞ্চলের মানুষ। আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে কলাপাড়ার বিচারব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো।