আইন আদালত
সব মামলায় জামিন, কারামুক্ত হলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে কারাগারের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি কারামুক্ত হন। এ সময় কারাফটকের বাইরে তাঁর সমর্থক ও স্বজনদের উপস্থিতি দেখা যায়।
এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতা, হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের অন্তত ১২টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সংশ্লিষ্ট মামলাগুলোতে জামিন লাভ করলে তাঁর মুক্তির পথ সুগম হয়। সবশেষে কারাগারের আনুষ্ঠানিকতা শেষে তিনি মুক্তি পান।
সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলে টানা তিন দফা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন তিনি।