আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:২০ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এ রিট আবেদন করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

রিটে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন রহিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে, আইনটি তার মূল উদ্দেশ্য পূরণ করেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অপব্যবহার বা অপপ্রয়োগের আশঙ্কা রয়েছে। এ কারণে এ বিষয়ে রুল জারি করে বিবাদীদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

একইসঙ্গে রিটে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানের বিভিন্ন বিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই আইনটিকে অবৈধ ঘোষণা করে বাতিল করার নির্দেশনা চাওয়া হয়েছে।