আইন আদালত

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:২৯ পিএম

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন
ছবি: সংগৃহীত

শ্রম আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রর জামিন মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আত্মসমর্পণ করা আরও তিন আসামিও জামিন পেয়েছেন।

বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে একই দিন ভোরে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়। একই মামলার অপর তিন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে তাদেরও জামিন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলাম শুভ্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

এর আগে মঙ্গলবার রাত থেকে তার বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। তবে গভীর রাত পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসার ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।